ভর্তিতে অনিয়ম প্রমাণ দিতে পারলে আত্মহত্যা করব : জবি ট্রেজারার

সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া সম্পর্কে ওঠা অনিয়মের অভিযোগ প্রমাণ করতে পারলে পদত্যাগের চালেঞ্জ ছুড়ে দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া অনিয়ম প্রমাণে নিজে আত্মহত্যা করবেন বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয় ট্রেজারার।

গতকাল এক সংবাদ সম্মেলনে ভর্তি প্রক্রিয়ায় সংশ্লিষ্টরা এ চালেঞ্জ ছুড়ে দিয়েছেন। সম্প্রতি কয়েকটি পত্রিকায় ভর্তিতে অনিয়মের অভিযোগ ওঠায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশ্ববিদ্যালয় ট্রেজারার মো. সেলিম ভূঁইয়া। এ সময় ভর্তি প্রক্রিয়ায় দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সেলিম ভূঁইয়া বলেন, ভর্তি প্রক্রিয়ার সাক্ষাৎকার স্বচ্ছতার সঙ্গে সম্পন্নের প্রক্রিয়া চলছে। সকল শর্তপূরণ করলেই যোগ্যতাসম্পন্ন ছাত্রছাত্রীদের বিষয় প্রদান করা হচ্ছে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মেধাক্রম তালিকাসংক্রান্ত বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট (www.jnu.ac.bd)-এ রয়েছে।

তিনি জানান, ভর্তিসংক্রান্ত সকল সিদ্ধান্ত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় গ্রহণ করা হয়েছে। ইউনিট কমিটির সকল সদস্যের উপস্থিতিতে ভর্তি পরীক্ষার সাক্ষাৎকার গ্রহণ করা হয়ে থাকে। কাজেই এককভাবে কাউকে অভিযুক্ত করা একান্তই অবান্তর।

ভর্তি প্রক্রিয়ায় দায়িত্বরত শিক্ষকরা বলেন, কয়েকটি পত্রিকার প্রতিবেদনে স্নাতক প্রথমবর্ষ সম্মান শ্রেণীতে ভর্তি প্রক্রিয়ায় বিষয় প্রদানে মেধাতালিকার ক্রম অনুসরণ না করার অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। অর্থের বিনিময়ে পেছনের সারির শিক্ষার্থীদের ভালো বিষয়ের ভর্তির অনুমোদন দেওয়ার বিষয়টি অবান্তর। এখানে দলীয় বিবেচনায় ও অর্থের বিনিময়ে কোনো পরীক্ষার্থীদের বিষয় প্রদান করা হয়নি। ভর্তি প্রক্রিয়া সম্পর্কে ভুল তথ্য প্রদান করা হয়েছে মন্তব্য করে তারা বলেন, ভাইভাতে কমিটি চেয়ারম্যান বলতে কোনো পদ নেই। ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শাহিনুর রহমান ভর্তি কমিটির কেবলমাত্র একজন ইউনিট সদস্য। ইউনিট সদস্য হিসেবে তিনি পুরো বোর্ডের সিদ্ধান্ত ছাড়া কার্যত কোন কাজ সম্পাদন করতে পারেন না।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ অনার্স-এর ‘বি’ ইউনিটের সাক্ষাৎকার সম্পর্কিত প্রকাশিত সংবাদের ব্যাখ্যা


সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ অনার্স-এর ভর্তি সাক্ষাৎকার সম্পর্কিত বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত সংবাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের সকল অনুষদের ভর্তি পরীক্ষার সাক্ষাৎকার স্বচ্ছভাবে ও নিয়মমাফিক সম্পন্ন করা হচেছ। সকল শর্তপূরণ সাপেক্ষেই যোগ্যতাসম্পন্ন ছাত্র-ছাত্রীদের বিষয় প্রদান করা হচ্ছে। এক্ষেত্রে অর্থের বিনিময়ে পেছনের সারির শিক্ষার্থীদের ভালো বিষয়ের ভর্তির অনুমোদন দেয়ার বিষয়টি সম্পূর্ণ অবান্তর। এখানে দলীয় বিবেচনায় কোন পরীক্ষার্থীদের বিষয় প্রদান করা হয়নি। একটি কুচক্রী মহল ভূয়া ভর্তি ফরম ও মনোনয়ন ফরম ছাপিয়ে জালিয়াতির মাধ্যমে বিভ্রান্তির সৃষ্টি করছে। এধরনের ঘটনা ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট ধরা পড়েছে। এদের বিরুদ্ধে কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। উল্লেখ্য যে কোন কারণে কোন মেধাবী ছাত্র-ছাত্রী উক্ত কুচক্রী মহলের প্ররোচনায় তার নায্য প্রাপ্য বিষয় থেকে বঞ্চিত হলে এবং এই মর্মে তথ্য প্রমাণাদিসহ কর্তৃপক্ষের বরাবরে আবেদন করলে সে আবেদন কর্তৃপক্ষ অবশ্যই বিবেচনা করবে। এ বিষয়ে সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা কামনা করা হচ্ছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় B’ ইউনিটের ২য় সাক্ষাৎকারের সময়সূচী

জগন্নাথ বিশ্ববিদ্যালয় B’ ইউনিটের ২য় সাক্ষাৎকারের সময়সূচী

স্থানঃ ডীন অফিস, কলা অনুষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা

মেধাক্রম ১০০১-১৩০০

* পুরাতন বিজন্সে স্টাডিজ ভবনের ৪০১ ও ৪০৪ নং কক্ষে সকাল ৮:৩০ থেকে সকাল ৯:৩০ পর্যন্ত চয়েস ফরম সংগ্রহ ও পূরণ করতে হবে।

*আসন পূর্ণ হওয়া মাত্র সাক্ষাৎকার স্থগিত হয়ে যাবে। ২য় ভর্তি শেষে আসন শূণ্য থাকা সাপেক্ষে ৩য় সাক্ষাৎকারের সমসূচীর বিজ্ঞপ্তি সম্ভাব্য ২৯/০১/২০১৩ তারিখে প্রকাশিত হবে।

ভর্তি ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের জন্য জ্ঞাতব্যঃ

১। নির্দিষ্ট মেধাক্রমধারীদের মধ্য থেকে মেধাক্রমানুযায়ী এবং অন্যান্য শর্তাবলী পূরণ ও আসন শূন্য থাকা সাপেক্ষে ছাত্র-ছাত্রীদের বিষয়ভিত্তিক ভর্তির অনুমোদন দেয়া হবে।

২। কোন প্রার্থী নির্ধারিত তারিখে সাক্ষাৎকারে উপস্থিত না হলে তার সাক্ষাৎকার গ্রহণ করা হবে না।

৩। কোন প্রার্থী তার সাক্ষাৎকারের দিন নির্ধারিত সময়ের পরে উপস্থিত হলে তখন যে বিষয়ে আসন শূণ্য থাকবে (যদি আসন শূন্য থাকে) সে বিষয়ে ভর্তির সুযোগ পেতে পারে।

৪। প্রার্থীকে ভর্তি পরীক্ষা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল প্রবেশপত্র, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্র, মাধ্যমিক পরীক্ষার মূল সনদপত্র, উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল সনদপত্র/প্রশংসাপত্র, উচ্চ মাধ্যমিক পরীক্ষার মুল রেজিস্ট্রেশন কার্ড ও ২ কপি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে নিয়ে আসতে হবে। এ ছাড়াও ভর্তি বিষয়ে ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি নির্দেশিকা ২০১২-২০১৩ তে উল্লেখিত ‘১১’ ও ‘১২’ নং অনুচ্ছেদে বর্ণিত নির্দেশাবলী যথাযথভাবে অনুসরণ করতে হবে।

৫। ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীকে সাক্ষাৎকার গ্রহণের দিন হতে ৩ (তিন) দিনের মধ্যে প্রাপ্ত বিষয়ে অবশ্যই ভর্তি হতে হবে, অন্যথায় সে আর ভর্তি হতে পারবে না।

৬। কলা ও আইন অনুষদের বিভাগসমূহে ভর্তির জন্য সর্বমোট আনুমানিক ১৩,৫০০/- (তের হাজার পাঁচশত) টাকা প্রয়োজন হতে পারে।

৭। ৩ ফেব্রুয়ারী ২০১৩ হতে সকল বিভাগে ক্লাস শুরু হবে। ক্লাস শুরুর ১৫ দিনের মধ্যে ক্লাসে যোগদান না করলে বিশ্বদ্যিালয়ের সেমিস্টার রুলস অনুযায়ী ভর্তি বাতিল বলে গণ্য হবে।

‘ডায়াগোনোস্টিক প্লান্ট প্যাথোলজি’ শীর্ষক আন্তজাতিক সেমিনার অনুষ্ঠিত

আজ (১৭ জানুয়ারি ২০১৩, বৃহস্পতিবার) সকাল ১১টায় উদ্ভিদ বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘ডায়াগোনোস্টিক প্লান্ট প্যাথোলজি’ (Diagnostic Plant Pathology) শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আমেরিকার ম্যাসাচুয়েট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবার্ট এল. উইক (Prof. Robert L. Wick)। তিনি বাংলাদেশের বিভিন্ন উদ্ভিদের রোগতাত্ত্বিক দিক নিয়ে আলোচনা করেন। সেমিনারে ‘প্লান্ট ডিজিজেজ ইন বাংলাদেশ’ (Plant Diseases in Bangladesh) শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান খন্দকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ট্রেজারার অধ্যাপক সেলিম ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. আবু জাফর মোহাম্মদ রুহুল মোমেন এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ কামরুল আলম খান উপস্থিত ছিলেন। সেমিনারটি সভাপতিত্ব করেন উদ্ভিদবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হাসনা হেনা বেগম। মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাজী সাখওয়াত হোসেন। এসময় বিভাগীয় শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ অনার্স-এর ‘বি’ ইউনিট ও ‘ডি’ ইউনিটের ২য় সাক্ষাৎকার তলিকা প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের সম্মান শ্রেণীর ‘বি’, ও ‘ডি’ ইউনিটের মেধানুসারে ২য় সাক্ষাৎকারের সময়সূচী প্রকাশ করা হয়েছে। ‘বি’ ইউনিটে প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত পরীক্ষার্থীদের মধ্যে ২৪ জানুয়ারি সকাল ৯.৩০টায় মানবিক শাখার মেধাক্রম ১০০১ থেকে ১৩০০ পর্যন্ত এবং দুপুর ১.৩০টায় মেধাক্রম ১৩০১ থেকে ১৬০০ পর্যন্ত সাক্ষাৎকার কলা অনুষদের ডিন কার্যালয়ে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, পুরাতন বিজনেস স্টাডিজ ভবনের ৪০১ ও ৪০৪নং কক্ষে সকাল ৮.৩০ থেকে সকাল ৯.৩০ পর্যন্ত চয়েস ফরম সংগ্রহ ও পূরণ করতে হবে।

‘ডি’ ইউনিটে প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত পরীক্ষার্থীদের মধ্যে ২৩ জানুয়ারি সকাল ৯.৩০টায় মানবিক শাখার মেধাক্রম ৬০১ থেকে ৭৪৫ পর্যন্ত, দুপুর ১.৩০টায় মেধাক্রম ৭৪৬ থেকে ৮৫০ পর্যন্ত, ২৪ জানুয়ারি সকাল ৯.৩০টায় বিজ্ঞান শাখার মেধাক্রম ২৫১ থেকে ৩৫০ পর্যন্ত এবং দুপুর ১.৩০টায় বাণিজ্য ও অন্যান্য শাখার মেধাক্রম ১২১ থেকে ১৭০ পর্যন্ত শিক্ষার্থীদের সাবজেক্ট চয়েস ফরম পূরণ ও সাক্ষাৎকার সামাজিক বিজ্ঞান ভবন-১-এর ১০০৩নং কক্ষে গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ২০১২-১৩ শিক্ষাবর্ষে ‘সি’ ইউনিটের বিবিএ প্রোগ্রামের নির্ধারিত সংখ্যক আসনের মনোনয়ন সম্পন্ন হওয়ায় সাক্ষাৎকার স্থগিত করা হয়েছে। পরীক্ষার্থীকে নির্ধারিত সময়ে সশরীরে উপস্থিত হতে হবে। কোন প্রার্থী নির্ধারিত দিনে উপস্থিত না হতে পারলে পরবর্তীতে আর বিবেচিত হবে না। পরীক্ষার সময় পরীক্ষার্থীকে উচ্চমাধ্যমিক/সমমান এবং এস,এস,সি/সমমান পরীক্ষার মূল প্রবেশপত্র, নম্বরপত্র/গ্রেডশীট, সনদপত্র, রেজিস্ট্রেশন কার্ড এবং পার্সপোর্ট ও ষ্ট্যাম্প সাইজের ছবি সঙ্গে নিয়ে আসতে হবে। ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীকে সাক্ষাৎকার গ্রহণের দিন হতে তিন দিনের মধ্যে প্রাপ্ত বিষয়ে অবশ্যই ভর্তি হতে হবে, অন্যথায় ভর্তি হতে পারবে না। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ডবনংরঃব-এ (www.jnu.ac.bd) পাওয়া যাবে। আসন পূর্ণ হওয়া মাত্রই সাক্ষাৎকার স্থগিত করা হবে।